৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন — পিএসসি ঢাকা - দিগন্ত জার্নাল

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন — পিএসসি ঢাকা

দিগন্ত জার্নাল ডেস্ক:

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন এ অবস্থান স্পষ্ট করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “৪৬তম বিসিএস লিখিত পরীক্ষাসংক্রান্ত বিষয়ে কিছু বিভ্রান্তিকর সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নজরে এসেছে।” এতে আরও বলা হয়, “সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, কতিপয় প্রার্থী সংবাদ সম্মেলন করে বলেছেন—তাদের ধারণা প্রশ্নপত্র ইতোমধ্যে ফাঁস হয়ে গেছে এবং বিজি প্রেস থেকে ছাপানো ওই প্রশ্ন তাদের কারও মাধ্যমে আগেই জানা ছিল। এমনকি অভিযোগে বলা হয়েছে, প্রশ্নকারকদের সঙ্গেও যোগাযোগ হয়েছে, যারা দাবি করেছেন ৫ আগস্টের পর থেকে তারা পিএসসিকে কোনো প্রশ্নের সেট দেননি।”

পিএসসি স্পষ্ট জানায়, “এই মনগড়া, অনুমাননির্ভর ও অসত্য তথ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে এবং এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য বিসিএস পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “কোনো বিসিএস পরীক্ষার্থীর প্রশ্নকারকদের সঙ্গে যোগাযোগের যে কথিত তথ্য প্রকাশ হয়েছে, তা অত্যন্ত অনভিপ্রেত, অনৈতিক এবং অপরাধমূলক তৎপরতা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে অনুরোধ জানাচ্ছে।”

পাশাপাশি পিএসসি সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন সরকারি কর্ম কমিশনের সঙ্গে তথ্য যাচাই না করে কোনো ধরনের বিভ্রান্তিকর সংবাদ—বিশেষ করে বিসিএস পরীক্ষা ও প্রশ্নপত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে—প্রকাশ না করে।

an adbox will go here