প্রধানমন্ত্রীর পদে টানা দুই মেয়াদ, বিরতির পর ফের সুযোগ—বিএনপির প্রস্তাব - দিগন্ত জার্নাল

প্রধানমন্ত্রীর পদে টানা দুই মেয়াদ, বিরতির পর ফের সুযোগ—বিএনপির প্রস্তাব

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | প্রধানমন্ত্রীর পদে টানা দুই মেয়াদের বেশি না থাকলেও একবার বিরতি দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যাহ্নভোজ বিরতিতে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি জানান, বিএনপির এ প্রস্তাবের পর কমিশনের পক্ষ থেকে একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন, সে বিষয়ে একটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেটি এখনই প্রকাশ করছে না বিএনপি। এটি আগে দলীয়ভাবে আলোচনা করে পরবর্তীতে জানানো হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতার বাইরে আরও কিছু ক্ষমতা সংযোজনের বিষয়ে বিএনপি ইতিবাচক। সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদের পর একটি নতুন অনুচ্ছেদ যোগ করার পক্ষে দলটি মত দিয়েছে, যা পরে সংসদে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে। এছাড়া রাষ্ট্রপতির নির্বাচন সংসদের উভয় কক্ষের সদস্যদের ভোটে সম্পন্ন হওয়ার কমিশনের প্রস্তাবেও বিএনপি একমত হয়েছে।

তবে “একই ব্যক্তি সরকারপ্রধান, দলপ্রধান ও সংসদ নেতা হতে পারবেন না”—এমন প্রস্তাবে বিএনপি একমত নয়। সালাহউদ্দিন বলেন, বিষয়টি আমরা উন্মুক্ত রাখতে চাই, কারণ এ ধরনের বিধিনিষেধ আন্তর্জাতিক রাজনীতিতে সচরাচর দেখা যায় না।

তিনি আরও বলেন, বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে পূর্বের অবস্থায় ফেরার পক্ষে মত দিয়েছে। সেখানে ‘ধর্মনিরপেক্ষতা’ বা ‘বহুত্ববাদ’ শব্দগুলো না থাকলেও, কমিশনের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার’ যুক্ত করার প্রস্তাবে বিএনপি একমত।

বিএনপি জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট প্রাপ্তির বিষয়েও একমত বলে জানিয়ে সালাহউদ্দিন বলেন, “এটা এখনো সংবিধানে আছে, তবে তা বাস্তবে প্রযোজ্য করতে হবে এবং রাষ্ট্র যেন ইন্টারনেট বন্ধ করে না দেয় তা নিশ্চিত করতে হবে।”

তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের অধিকাংশ প্রস্তাবে বিএনপি একমত হয়েছে। তবে কিছু বিষয় এখনো বিচার-বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।

an adbox will go here