আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্টের আদেশ
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামি গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতির প্রয়োজন নেই—এমন নির্দেশ দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের পক্ষে জারি করা একটি অফিস আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
এর আগে ৯ এপ্রিল ডিএমপি হেডকোয়ার্টার থেকে এক অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় এজাহারভুক্ত বা তদন্তে শনাক্ত আসামিকে গ্রেফতারের জন্য প্রমাণ উপস্থাপনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। আদেশে উল্লেখ ছিল, ভিকটিম, বাদী বা প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, ভিডিও, অডিও, স্থিরচিত্র ও কললিস্ট (সিডিআর) প্রমাণ হিসেবে পেশ করতে হবে। সেইসঙ্গে অনুমতি ছাড়া কোনো আসামিকে গ্রেফতার না করার নির্দেশও ছিল।
ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন একটি রিট আবেদন করেন, যেখানে তিনি অফিস আদেশটিকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা চেয়ে রুল জারির আবেদন করেন।
রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার, ডিবি প্রধান, সিআইডি প্রধান ও এসবি প্রধানসহ মোট সাতজনকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, ডিএমপি কমিশনারের পক্ষে অফিস আদেশটি জারি করেছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
হাইকোর্টের এই আদেশের ফলে সংশ্লিষ্ট মামলাগুলোর আসামিদের গ্রেফতারে আর প্রশাসনিক অনুমতির প্রয়োজন নেই। বিষয়টি পুলিশের মামলার তদন্ত ও অভিযানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।