কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন অব্যাহত - দিগন্ত জার্নাল

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন অব্যাহত

দিগন্ত জার্নাল ডেস্ক:

খুলনা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের মধ্যে বুধবার দুপুরে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনার পর ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃপক্ষ ক্যাম্পাস ও হল বন্ধ ঘোষণা করে এবং ওই ঘটনায় জড়িত সন্দেহে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে। একইসঙ্গে এক বহিরাগত ব্যক্তি ২২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। কারণ, শিক্ষার্থীরা এখন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে অনড় রয়েছেন। এই দাবিকে সামনে রেখে গত সোমবার বিকাল থেকে শুরু হয় আমরণ অনশন। শুরুতে ৩২ জন শিক্ষার্থী অনশনে অংশ নেন, যার মধ্যে পাঁচজন এরইমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে কুয়েটে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল। তারা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতে, প্রশাসনের একচেটিয়া সিদ্ধান্ত, ছাত্রবান্ধব পরিবেশের অভাব এবং জবাবদিহিতার সংকট থেকেই এ সংকটের জন্ম হয়েছে। বর্তমানে কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের অনশন, প্রশাসনের নিরবতা এবং ইউজিসির তদন্ত—সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে।

an adbox will go here