নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এনসিপির মশাল মিছিল - দিগন্ত জার্নাল

নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এনসিপির মশাল মিছিল

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | নতুন সংবিধান প্রণয়ন ও গণপরিষদ নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজধানীতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য বিদ্যমান সংবিধান দিয়ে নয়, বরং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন পরিষদের মাধ্যমে ‘সেকেন্ড রিপাবলিক’ গঠন করতে হবে।

সমাবেশে এনসিপির নেতারা বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন একসূত্রে গাঁথা। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, এই তিনটি বিষয়ে আন্তরিক হয়ে এগিয়ে আসতে হবে। নির্বাচনের আগে ‘প্রাতিষ্ঠানিক সংস্কার’ ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় বলেও তারা মন্তব্য করেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, “গত ১৫ বছরের লুটপাট, সন্ত্রাস ও ফ্যাসিবাদী শাসন থেকে উত্তরণের জন্য সব কালো আইন বাতিল ও প্রতিষ্ঠানগুলোতে সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিচার বিভাগ, আমলাতন্ত্র, নির্বাচন কমিশন ও সিভিল-মিলেটারি প্রশাসনে পরিবর্তন আনতে হবে। না হলে আবারও মাসল ও মানির নির্বাচনই ফিরে আসবে।”

বক্তারা বলেন, “আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য একটি পক্ষ সচেষ্ট। আর বিএনপি শুধু কথার লড়াইয়ে ব্যস্ত। যে অন্তর্বর্তী সরকারের আইনে বিএনপি রাজনীতি করছে, মামলা প্রত্যাহার হয়েছে, সেটাই সরকারের বৈধতা প্রমাণ করে। তাই আওয়ামী লীগের বিচার এবং গণপরিষদ নির্বাচন ছাড়া জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম-সদস্য সচিব ফয়সাল হোসেন শান্ত, কেন্দ্রীয় সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, দক্ষিণাঞ্চলের সংগঠক রাকিব হোসেন, আতাউল্লাহ, সদস্য সচিব নিজাম উদ্দিন ও সরোয়ার তুষার প্রমুখ। বক্তারা শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং গণপরিষদ নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানান।

an adbox will go here