কাতারের বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার - দিগন্ত জার্নাল

কাতারের বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | বাংলাদেশে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানির সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, কাতারের ব্যবসায়ীদের জন্য এমন একটি অঞ্চল গড়ে তোলা যেতে পারে, যেখানে তারা সমরাস্ত্রের যন্ত্রাংশসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারবেন। এসময় তিনি বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথা তুলে ধরেন এবং বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, বৈঠকে অধ্যাপক ইউনূস কাতারের সরকারকে আহ্বান জানিয়েছেন, সেদেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে। তিনি বলেন, বাংলাদেশে শিল্প স্থাপন করে উৎপাদিত পণ্য সহজেই বিদেশে রপ্তানি করা সম্ভব।

বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রতিরক্ষা খাত। কাতার বর্তমানে প্রতি তিন বছর পর পর বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনা সদস্য নিয়ে থাকে। এই সংখ্যা বাড়ানোর অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।

এদিন কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সঙ্গেও বৈঠক করেন অধ্যাপক ইউনূস। সেখানে তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন।

– দিগন্ত জার্নাল | সাম্যের আহ্বানে

an adbox will go here