তথ্যপ্রযুক্তি খাতের দুর্নীতি তদন্তে টাস্কফোর্স গঠন, শ্বেতপত্র প্রণয়ন নেতৃত্বে নিয়াজ আসাদুল্লাহ
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি তদন্ত এবং একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে ‘আইসিটি শ্বেতপত্র টাস্কফোর্স’ নামে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ড. নিয়াজ আসাদুল্লাহকে এই টাস্কফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৭ এপ্রিল প্রকাশিত গেজেট অনুযায়ী, টাস্কফোর্সে আরও অন্তর্ভুক্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞগণ—প্রফেসর মুহাম্মদ মুস্তাফা হোসেন (সেমিকন্ডাক্টর ও আইওটি), ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী (আইন), প্রযুক্তি বিশ্লেষক মাহমুদ সালাম মারুফ এবং জ্যেষ্ঠ সাংবাদিক মো. শরিয়ত উল্যাহ। টাস্কফোর্সের প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞ আসিফ শাহরিয়ার সুস্মিত।
গেজেট অনুযায়ী, টাস্কফোর্সের কাজ হবে বিগত সরকারের সময়ে আইসিটি খাতে গৃহীত সকল প্রকল্পের নথিপত্র, চুক্তি, ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি), অডিট রিপোর্ট ও অন্যান্য তদন্ত প্রতিবেদন খতিয়ে দেখা এবং সংশ্লিষ্ট দুর্নীতিগুলোর উৎস ও কাঠামোগত অসঙ্গতি চিহ্নিত করা। এরপর একটি বিস্তারিত শ্বেতপত্র প্রণয়ন করে তা আগামী ২১ জুন ২০২৫-এর মধ্যে সরকারের কাছে জমা দেবে টাস্কফোর্স।
প্রফেসর ড. নিয়াজ আসাদুল্লাহ বাংলাদেশের একজন খ্যাতিমান উন্নয়ন অর্থনীতিবিদ, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রফেসরিয়াল ফেলো হিসাবে কর্মরত।
টাস্কফোর্স সদস্য মুহাম্মদ মুস্তাফা হোসেন বর্তমানে পার্ডু ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। আইওটি ও সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে তার রয়েছে আন্তর্জাতিক খ্যাতি। অপরদিকে ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী একজন সুপ্রতিষ্ঠিত আইন বিশেষজ্ঞ, যিনি জালিয়াতি, প্রতারণা ও আন্তর্জাতিক আইনের জটিল ইস্যুতে বিশেষ অভিজ্ঞ।
সাংবাদিক সদস্য হিসেবে যুক্ত হওয়া মো. শরিয়ত উল্যাহ বাংলাদেশের প্রিন্ট মিডিয়ার প্রযুক্তি সাংবাদিকতায় একটি পরিচিত নাম। বর্তমানে তিনি দৈনিক আজকের বাংলার পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
টাস্কফোর্স সদস্যগণ বিধি অনুযায়ী সম্মানী পাবেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তাদের প্রয়োজনীয় লজিস্টিকস সহায়তা প্রদান করবে। এ কাজে সাচিবিক সহায়তা দেবেন বিভাগের উপ-সচিব মো. আবু নাছের।
বিশ্লেষকদের মতে, এ ধরনের উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তর ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর উন্নয়নের জন্য একটি বড় পদক্ষেপ হতে পারে।