এলজিইডি ঠিকাদারি তালিকায় বাবার নাম, জ্ঞাতসারে নয় দাবি উপদেষ্টা আসিফ
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা বিল্লাল হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঠিকাদারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বিষয়টি সামনে এনেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি লাইসেন্সের কপি প্রকাশ করেন সাংবাদিক সায়ের। সেখানে তিনি দাবি করেন, এই লাইসেন্সটি আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের নামে ইস্যু হয়েছে। তিনি আরও জানান, ২০২৫ সালের ১৬ মার্চ কুমিল্লার এলজিইডির নির্বাহী প্রকৌশলী এই লাইসেন্সটি ইস্যু করেন।
সায়ের জানান, বিষয়টি যাচাই করতে তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করেন। প্রাথমিকভাবে উপদেষ্টা বিষয়টি জানেন না বলে উল্লেখ করেন এবং একটু সময় চেয়ে নেন। কিছুক্ষণ পর যোগাযোগ করে তিনি জানান, লাইসেন্স সংক্রান্ত তথ্য সঠিক, তবে এটি তার জ্ঞাতসারে হয়নি।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, কুমিল্লার এক স্থানীয় ঠিকাদার তার শিক্ষক পিতাকে এই লাইসেন্স করতে উৎসাহ দেন এবং বিষয়টি তিনি জানতেন না। তিনি আরও বলেন, “এই লাইসেন্স ব্যবহার করে কোনো সরকারি প্রকল্পে কাজ করা হয়নি এবং ভবিষ্যতে এ বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা হবে।”
বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংশ্লিষ্ট মহলে। বিষয়টি প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্নে আলোচনায় আসায় এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিক ব্যাখ্যার দাবি উঠছে।