সীমান্তে দুর্নীতির অভিযোগে ৩৪ বিজিবি কমান্ডার প্রত্যাহার - দিগন্ত জার্নাল

সীমান্তে দুর্নীতির অভিযোগে ৩৪ বিজিবি কমান্ডার প্রত্যাহার

শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫ ||

কক্সবাজার: ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল ফারুখ হোসেন খানের বিরুদ্ধে ইয়াবা ভাগাভাগিসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। সীমান্তে মাদক কারবারিদের সঙ্গে আঁতাত, সরকারি যানবাহনে ইয়াবা পরিবহণ, চোরাচালানে সহযোগিতা, ব্যবসায়ীদের নির্যাতন ও অভিযানের নামে নাটক সাজানোর মতো কার্যকলাপের তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগে তাকে কক্সবাজার থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্তসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে গোয়েন্দা সংস্থা।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, সাম্প্রতিক এক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দের পর তা ফের কারবারিদের কাছে বিক্রি করে দেন ফারুখ। যুগান্তরের হাতে আসা দুটি অডিও ক্লিপে তাকে মাদক ভাগাভাগি ও নাটকীয় অভিযানের পরিকল্পনা করতে শোনা যায়। এতে তিনি স্বীকার করেন, অডিও তার, তবে তা ছিল ‘অভিযানের কৌশল’।

অভিযোগ রয়েছে, ৩০ মার্চ ঈদের আগের দিন পাগলীর বীল রোড এলাকায় পরিচালিত একটি অভিযানে ইয়াবা জব্দের কথা বলা হলেও কোনো মামলা হয়নি। স্থানীয় সূত্র মতে, চালানটি গায়েব করে দেওয়া হয় এবং তা ছিল রত্নাপালংয়ের ‘ইয়াবা গডফাদার’ ইকবালের।

আরেকটি অডিও ক্লিপে ফারুখকে সীমান্ত দিয়ে মালামাল পাচারকে ‘খাবার’ বলে উল্লেখ করতে শোনা যায়। এতে বলা হয়, মাথায় করে বস্তা পার করা হচ্ছে এবং প্রতিজনের পেছনে ৬ হাজার টাকা করে নেয়া হচ্ছে।

গোয়েন্দা সংস্থা জানায়, অতীতে দুবার সতর্ক করার পরও তার কর্মকাণ্ড বন্ধ হয়নি বরং অপরাধের মাত্রা বেড়েছে। ফলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এদিকে, ঘুমধুম এলাকার ব্যবসায়ী জামালসহ তিনজনকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগও এসেছে। জামাল দাবি করেন, ফারুখ নিজ হাতে তাকে মারধর করেছেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বিষয়টি জানতে পেরে ফারুখকে প্রত্যাহার করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এমএম ইমরুল হাসান বলেন, বিষয়টি প্রথম শুনলেন। কেউ আনুষ্ঠানিক অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবির অভ্যন্তরে এমন দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সচেতনমহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো বিষয়টি গভীরভাবে তদন্ত করে অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সংবাদ: দিগন্ত জার্নাল | সাম্যের আহ্বানে।

an adbox will go here