ওয়াল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫ প্রকাশ: বাংলাদেশে শীর্ষে বুয়েট, পিছিয়েছে ঢাবি
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ || ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫’ প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। ২৩ এপ্রিল প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ই এশিয়ার সেরা ৩০০-র মধ্যে জায়গা করে নিতে পারেনি। তবে মোট ৮৫৩টি বিশ্ববিদ্যালয় নিয়ে করা এ তালিকায় বাংলাদেশ থেকে ২৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় বাংলাদেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যার অবস্থান ৩০১-৩৫০ র্যাঙ্কের মধ্যে। একই স্তরে রয়েছে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও (ডিআইইউ), যা দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে। এরপর ৩৫১-৪০০ এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অবস্থান করছে। গতবারের তুলনায় এ বছর পিছিয়েছে ঢাকার দুটি শীর্ষ বিশ্ববিদ্যালয়—ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটি। ব্র্যাক যেখানে গত বছর শীর্ষে ছিল, এবার নেমে এসেছে ১২তম স্থানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪০১-৫০০ এর মধ্যে, যেখানে গত বছর এটি ছিল ষষ্ঠ ও ২০২৩ সালে প্রথম। এশিয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় অবস্থানে পিকিং বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়।