জমিয়তের মজলিসে আমেলার বৈঠক, শনিবার কাউন্সিলে আসতে পারে নেতৃত্বে রদবদল
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | দেশের ঐতিহ্যবাহী ইসলামি দল জমিয়তে উলামায়ে ইসলাম-এর মজলিসে আমেলার বৈঠক শুরু হয়েছে। শুক্রবার বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন জমিয়তের সভাপতি আল্লামা শায়খ জিয়াউদ্দিন, আর সূচনায় রিপোর্ট পেশ করেন দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
সারাদেশ থেকে আসা মজলিসে আমেলার সদস্যরা বৈঠকে অংশ নিয়েছেন। জানা গেছে, শনিবারের জাতীয় কাউন্সিল ছাড়াও দলীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় এই বৈঠকে আলোচিত ও নির্ধারিত হবে।
শনিবার সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেখানে দলের নতুন নেতৃত্ব বাছাই করা হবে। সূত্রে জানা গেছে, বর্তমান কমিটিতে নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ পদেও রদবদলের ইঙ্গিত মিলেছে, যা আজকের মজলিসে আমেলার বৈঠকেই নির্ধারিত হবে।
উল্লেখ্য, জমিয়তের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২৩ ডিসেম্বর। ওই কাউন্সিলে মাওলানা জিয়া উদ্দিনকে সভাপতি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মহাসচিব, এবং মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সিনিয়র সহসভাপতি করে ১৮৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।