দূষণের তালিকায় ঢাকার উন্নতি, শীর্ষে দিল্লি
নিজস্ব প্রতিবেদক:
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ || দীর্ঘদিন পর বায়ুদূষণের তালিকায় প্রথম ১০ থেকে সরে এসেছে রাজধানী ঢাকা। শনিবার (২৬ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী, ঢাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ৯১, যা “মাঝারি” বা “সহনীয়” হিসেবে গণ্য করা হয়। এতে শহরটি রয়েছে তালিকার ১৭ নম্বরে।
অন্যদিকে দূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। তাদের স্কোর ৩৪২, যা “বিপজ্জনক” পর্যায়ে পড়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গৃহস্থালি এবং পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে প্রতি বছর বিশ্বে প্রায় ৬৭ লাখ মানুষ মৃত্যুবরণ করে। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে বায়ুদূষণ একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত হয়ে আসছে।
বায়ুমান সূচকের স্কোর ০-৫০ হলে তা “ভালো”, ৫১-১০০ হলে “মাঝারি”, ১০১-১৫০ স্কোর “সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর”, ১৫১-২০০ “অস্বাস্থ্যকর”, ২০১-৩০০ “খুব অস্বাস্থ্যকর” এবং ৩০১-এর ওপরে গেলে তা “দুর্যোগপূর্ণ” হিসেবে বিবেচিত হয়।
বায়ুমান কিছুটা উন্নত হলেও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে, সংবেদনশীল গোষ্ঠীকে বাইরে বের হলে মাস্ক পরতে এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে না যেতে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া পরিবেশ সংরক্ষণে ইটভাটা ও শিল্পকারখানা মালিকদের কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, পরিবহনের সময় ট্রাক-লরি ঢেকে চালানো, আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং ধোঁয়াযুক্ত পুরোনো যানবাহন রাস্তায় না নামানোর আহ্বান জানানো হয়েছে।