জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী, নেতৃত্বে ডা. তাহের - দিগন্ত জার্নাল

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী, নেতৃত্বে ডা. তাহের

দিগন্ত জার্নাল ডেস্ক:

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ || জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রতিনিধি দলটি সভায় যোগ দেয়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে আরও রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

সভা শেষে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মতবিনিময়ের বিষয়বস্তু তুলে ধরবে প্রতিনিধি দলটি।

এর আগে গত ২০ মার্চ জামায়াতে ইসলামী জাতীয় ঐকমত্য কমিশনের কাছে একটি লিখিত প্রস্তাব জমা দেয়, যেখানে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু, দুই কক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা, সংবিধান সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, জনপ্রশাসন সংস্কার ও নির্বাচন কমিশন পুনর্গঠনের মতো বিষয়গুলো তুলে ধরা হয়।

দলটির নেতারা স্পষ্ট করে জানান, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্দিষ্ট সময়ের কোনো দাবিতে তারা অনড় নয়; বরং সময় যতটুকু প্রয়োজন, তা দিতে সরকার প্রস্তুত থাকলে তাতেই জামায়াত সন্তুষ্ট।

প্রসঙ্গত, এর আগে বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তিন দফা বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক সংস্কার প্রশ্নে প্রস্তাবনা তুলে ধরেছে।

an adbox will go here