সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর রাখার পক্ষে জামায়াতে
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ || জাতীয় ঐকমত্য কমিশনের জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর করার প্রস্তাবে দ্বিমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি চায়, এই মেয়াদ পাঁচ বছরই থাকুক। তবে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সঙ্গে একমত বলে জানিয়েছে জামায়াত। শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের বৈঠকের মধ্যবর্তী অংশ শেষে এ কথা জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।
ডা. তাহের বলেন, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর করার। আমরা এর সঙ্গে দ্বিমত জানিয়েছি। আমরা বলেছি, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর থাকা উচিত। তিনি জানান, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদের বিষয়ে আমরা একমত হয়েছি, তবে এর গঠন, প্রকৃতি ও প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের মতবিনিময় চলছে। সংবিধান সংস্কারের ওপর দেওয়া প্রস্তাবনা দিয়ে আলোচনা শুরু হয়েছে এবং তা বেশ ফলপ্রসু হচ্ছে। অনেক বিষয়ে মতবিনিময় ও ব্যাখ্যা হয়েছে এবং কিছু বিষয়ে একমতও হওয়া গেছে। আলোচনা আজ শেষ নাও হতে পারে, কারণ বিষয়গুলো জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডা. তাহের আরও বলেন, বড় অংশীদার হিসেবে জামায়াতে ইসলামী অত্যন্ত গুরুত্ব ও মনোযোগের সঙ্গে সমস্ত সংস্কার প্রস্তাব বিবেচনা করছে। ব্যক্তি বা দল নয়, বরং বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, ভবিষ্যৎ ও একটি সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়েই তারা কাজ করছে।
সভায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।