মে মাসে দুই দফায় টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | সরকারি চাকরিজীবীরা মে মাসে দুই ধাপে টানা ছয়দিন ছুটি পাচ্ছেন। এর আগে তারা পবিত্র ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবসে সরকারি ছুটি থাকবে। এর পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিনদিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা। একই মাসে আরেক দফায় ছুটি আসছে বুদ্ধ পূর্ণিমায়। আগামী ১১ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার ছুটি নির্ধারিত আছে, যার আগে রয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার। ফলে একই মাসে দুইবার তিনদিন করে টানা ছুটি পাচ্ছেন তারা।
এর আগে গত ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটিয়েছিলেন। ঈদের আগে সরকার পাঁচদিনের ছুটি ঘোষণা করলেও, পরে নির্বাহী আদেশে আরও একদিন (৩ এপ্রিল) অতিরিক্ত ছুটি দেওয়া হয়। এতে দীর্ঘসময় পরিবারের সঙ্গে আনন্দমুখর সময় কাটানোর সুযোগ পান সরকারি কর্মচারীরা।