ফ্যাসিস্ট হাসিনা ও দোসরদের বিচার করতে হবে: মঞ্জুরুল ইসলাম
দিগন্ত জার্নাল ডেস্ক:
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা নজিরবিহীন গণহত্যা চালিয়েছে। ক্ষমতা ধরে রাখতে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে এ হত্যাযজ্ঞ চালানো হয়েছে। তাই শেখ হাসিনা ও তার দোসরদের দেশে এনে বিচার করতে হবে, তবেই জুলাইয়ের শহিদদের আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে বড়াইগ্রাম উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে দুইদিনব্যাপী সাথী শিক্ষা শিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ছাত্রশিবিরের সভাপতি আফতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, চট্টগ্রাম মহানগরী (দক্ষিণ) সভাপতি ইবরাহিম হোসেন রনি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ, সাবেক সভাপতি হাফেজ গোলাম রাব্বানী, রাজশাহী মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল হাকিম এবং জেলা মসজিদ মিশন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম আরও বলেন, ২০০৯ সালে পিলখানায় সূর্যসন্তানদের নির্মমভাবে হত্যা এবং শাপলা চত্বরে নিরীহ ছাত্রদের নির্মম হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছি। দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে এসব হত্যাকাণ্ড, ব্যাংক কেলেঙ্কারি, শিক্ষাব্যবস্থার ধ্বংস এবং সাংস্কৃতিক আগ্রাসনের সমাধান পাওয়া যাবে না।
তিনি বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ছিল না। ছাত্রলীগসহ তাদের সহযোগীরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস, মাদক ও অস্থিতিশীলতার স্বর্গরাজ্যে পরিণত করেছিল। জুলাই বিপ্লবে আত্মত্যাগের মাধ্যমে সে পরিস্থিতির পরিবর্তন এসেছে। এখন সব রাজনৈতিক ও ইসলামী ছাত্রসংগঠনের অবস্থান নিশ্চিত করে ক্যাম্পাসে একটি সুন্দর পরিবেশ বজায় রাখা জরুরি।