পটুয়াখালীতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু - দিগন্ত জার্নাল

পটুয়াখালীতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

দিগন্ত জার্নাল ডেস্ক:

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | পটুয়াখালীতে মো. সরোয়ার আহমেদ তালুকদার (২৮) নামে এক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সরোয়ার কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

পটুয়াখালী সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত সরোয়ারের ফুফাতো ভাই জুবায়ের আহমেদ জানান, সরোয়ার রাজনীতির পাশাপাশি একটি কোম্পানির ডিলারশীপ ব্যবসায় যুক্ত ছিলেন এবং সারাদিন ব্যবসা নিয়েই ব্যস্ত থাকতেন। তিনি অভিযোগ করে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছাড়া কিছুই না।

প্রতিবেশি মো. নয়ন মৃধা জানান, সরোয়ারের বাবা ১৫ বছর আগে মারা যান। মা দীর্ঘদিন অসুস্থ। সরোয়ার মাকে ও এক ছোট ভাইকে নিয়ে বসবাস করতেন। ঘটনার সময় মা নানা বাড়িতে ছিলেন এবং ঘরে সরোয়ার একাই ছিলেন।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, স্বজনদের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ময়নাতদন্ত ও নিবিড় তদন্ত ছাড়া হত্যার বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না। তবে যদি সে ধরনের কিছু পাওয়া যায়, তা অবশ্যই আমলে নেওয়া হবে।

an adbox will go here