পুঞ্জিভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে: আলী রীয়াজ
দিগন্ত জার্নাল ডেস্ক:
রোববার, ২৭ এপ্রিল ২০২৫ | পুঞ্জিভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে গণসংহতি আন্দোলনের নেতাদের সঙ্গে আয়োজিত বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পালাতে বাধ্য হয়েছে। ঐক্যের চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। এটা শুধু আমাদের অঙ্গীকার নয়, বরং আমাদের দায়।
সংস্কার কমিশনগুলোর প্রস্তাবের বিষয়ে আলী রীয়াজ বলেন, এগুলো বাংলাদেশের দীর্ঘদিনের পুঞ্জিভূত সংকট মোকাবিলার চেষ্টা। তবে শুধু সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন যথেষ্ট নয়, এর জন্য দরকার গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো গড়ে তোলা, গণতন্ত্রের চর্চা করা এবং গণতান্ত্রিক শক্তিগুলোকে একত্রিত রাখা।
সংস্কারের বিষয়ে সংলাপকে আলোচনার অগ্রগতি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা সামান্য হলেও অগ্রগতি অর্জন করতে পেরেছি। যদি তা ধরে রাখা ও বিকশিত করা না যায়, তাহলে সমস্ত সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সেজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। এ অর্জন শুধু আমাদের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি নতুন গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করার প্রয়াস।
সবাই একমত হলে দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে মনে করেন অধ্যাপক আলী রীয়াজ।
বৈঠকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, অংশীজনদের ঐকমত্যের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে। যেগুলোতে ঐকমত্য হবে না, সেগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে। তিনি বলেন, ঐকমত্যের মধ্য দিয়েই বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে।
তিনি আরও বলেন, যারা বেশিদিন ক্ষমতায় থাকতে চেয়েছে, তারাই রাষ্ট্রকে ব্যবহার করেছে। শেখ হাসিনা রাষ্ট্রকে ব্যবহার করেছেন বলেই আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার এবং ড. ইফতেখারুজ্জামান।