শফিক রেহমানের আপিল শুনানি শেষ, রায়ের জন্য অপেক্ষা - দিগন্ত জার্নাল

শফিক রেহমানের আপিল শুনানি শেষ, রায়ের জন্য অপেক্ষা

দিগন্ত জার্নাল ডেস্ক:

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাত বছরের সাজার বিরুদ্ধে সাংবাদিক শফিক রেহমানের করা আপিলের শুনানি শেষ হয়েছে। শুনানিতে এ মামলাকে ‘হয়রানিমূলক’ উল্লেখ করে শফিক রেহমানের খালাস চেয়েছেন তার আইনজীবী। খালাসের আবেদনে রাষ্ট্রপক্ষও ‘আপত্তি নেই’ বলে জানিয়েছে।

এ বিষয়ে রায়ের তারিখ পরে নির্ধারণ করা হবে বলে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত জানিয়েছেন। রোববার এ আদালতে শফিক রেহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

শুনানিতে তিনি বলেন, “হাসিনাপুত্র জয়কে কথিত অপহরণ ও হত্যাচেষ্টার মামলা এটি। ভিকটিম নিজে মামলা দায়ের করেনি। পুলিশ অতিরিক্ত ইন্টারেস্টে মামলা দায়ের করে। ৯০ বছর বয়সী লোক, তাকে এ মামলায় রিমান্ডে নেওয়া হয়। কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি নাই। মামলায় ১২ জন সাক্ষী দিয়েছেন। জয়ও এ মামলায় সাক্ষ্য দিয়েছে। যেদিন জয় সাক্ষ্য দিলেন, বিচারক তার পিছে পিছে দৌঁড়াচ্ছিলেন। তাহলে বুঝুন কেমন বিচার হয়েছে।”

এ মামলায় যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান ছাড়াও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ আরও চারজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারা হলেন—জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। তাদের মধ্যে সম্পাদক মাহমুদুর রহমান ইতোমধ্যে খালাস পেয়েছেন।

মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ উল্লেখ করে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, “তার (শফিক রেহমান) খালাসের প্রার্থনা করছি।”

an adbox will go here