ড. ইউনূস: দেশের জনগণ এখনো অন্তর্বর্তী সরকারকেই সমাধান মনে করছে - দিগন্ত জার্নাল

ড. ইউনূস: দেশের জনগণ এখনো অন্তর্বর্তী সরকারকেই সমাধান মনে করছে


নিজস্ব প্রতিবেদক:


সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে দেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকে তাঁদের জন্য একটি ভালো সমাধান মনে করছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জনগণ অন্তর্বর্তী সরকারকে বিদায় দিতে বলছেন না; বরং একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার দিকেই সরকার এগিয়ে যাচ্ছে। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘টক টু আল–জাজিরা’য় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রোববার ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে এই সাক্ষাৎকার আল–জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার পতনের পর ‘মধুচন্দ্রিমা’ শেষ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, দুটি বিষয় রয়েছে—একটি হলো জনগণের অধৈর্যতা। তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, দেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করছে অন্তর্বর্তী সরকারই তাঁদের জন্য ভালো সমাধান। জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে তাড়িয়ে দিতে বলছে না। আজ দেশ নির্বাচনমুখী। এখন পর্যন্ত এমন কোনো সমস্যা তৈরি হয়নি যেখানে জনগণ বলছে, দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ড. ইউনূস বলেন, আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য হলো, কিভাবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বোঝাপড়া তৈরি করে রোহিঙ্গাদের তাঁদের ঘরে নিরাপদে ফিরিয়ে নেওয়া যায় এবং পুনর্বাসন নিশ্চিত করা যায়।

দেশে অর্থবহ সংস্কার এবং একটি সুষ্ঠু, সর্বোত্তম নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে ড. ইউনূস বলেন, নির্বাচনের পূর্বে যদি সংস্কারের তালিকা ছোট হয় তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর যদি তালিকা বড় হয় তবে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে। তিনি স্পষ্ট করে জানান, নির্বাচন জুনের পরে যাবে না।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, এর একটি অংশ নির্ভর করছে আওয়ামী লীগের নিজের সিদ্ধান্তের ওপর। দলটি এখনো নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। পাশাপাশি, নির্বাচনী সময়কালে নির্বাচন কমিশনের ভূমিকা এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়া বিবেচনায় নেওয়া হবে। আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে কিনা—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি তা নয়; কারণ অন্যান্য রাজনৈতিক দলও আপত্তি তুলতে পারে যে বর্তমান আইনের অধীনে আওয়ামী লীগের নির্বাচন করা উচিত হবে না।


an adbox will go here