শহিদ জসিমের পাশেই চির নিদ্রায় জুলাই কণ্যা লামিয়া - দিগন্ত জার্নাল

শহিদ জসিমের পাশেই চির নিদ্রায় জুলাই কণ্যা লামিয়া

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ঢাকা থেকে আত্মহত্যার পর ময়নাতদন্ত শেষে পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া গ্রামে বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন দলবদ্ধ ধর্ষণের শিকার লামিয়া। শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক ৬ নম্বর রোডের ভাড়া বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। রোববার সন্ধ্যায় লামিয়ার লাশ পটুয়াখালীর দুমকিতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। সন্ধ্যা সাড়ে ৭টায় পাঙ্গাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে শত শত মানুষের উপস্থিতিতে জানাজা শেষে তাকে তার শহিদ বাবার কবরের পাশে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইজাজুল হক, দুমকি থানা অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, পটুয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল নাহিয়ানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, গত ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানা বাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। তিনি ওই ঘটনার দুই দিন পর ২০ মার্চ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত দুই আসামি সাকিব মুন্সী ও সিফাত মুন্সী আদালতের আদেশে বর্তমানে কারাগারে রয়েছেন।

an adbox will go here