নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বললেন এনসিপি নেতা হাসনাত
দিগন্ত জার্নাল ডেস্ক:
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (২৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে হাসনাত লেখেন, ‘শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’ পোস্টের সঙ্গে নাহিদ ইসলামের সঙ্গে তোলা একটি ছবিও যুক্ত করেন তিনি।
ফেসবুকে এ পোস্টের কমেন্টে এনসিপি কর্মী ও সমর্থকরাও শুভেচ্ছা জানান। মো. বাবু লেখেন, ‘ভবিষ্যতে আপনিই হবেন আমাদের দেশ সেরা হিরো, যে এক হাতে দেশের উন্নতি আর আরেক হাতে কেক কাটবেন।’ রহমাতুল্লাহ লেখেন, ‘নাহিদ ভাইয়ের হাতে পড়লে বাংলাদেশ নিরাপদে থাকবে।’
জাহেদুল হক মানিক লিখেছেন, ‘জীবনের প্রতিটি পদক্ষেপ হোক নিরাপদ ও বরকতময়। শুভ জন্মদিন।’ এম নুর হাসান লেখেন, ‘শুভ জন্মদিন, জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক।’
আয়েশা শর্মিলা মন্তব্য করেন, ‘জুলাই বিপ্লবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ভবিষ্যতেও সঠিক পথে দেশ পরিচালনায় যদি যোগ্য হন, তবে আমরা সমর্থন করবো। তবে কিছু আর্থিক লোপাট ও সুপারিশ সংক্রান্ত অভিযোগ নিয়ে ধোঁয়াশা আছে, যা হতাশাজনক।’
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও নাহিদ ইসলামকে ভবিষ্যতের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছিলেন। ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘মাত্র ২৬ বছর বয়সেই নাহিদ ইসলাম একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে জনপ্রিয় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন। তিনি আগামীতে দেশের রাজনীতিতে বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন।’