নতুন সরকার প্রধান হিসেবে ড. ইউনূসকে বেছে নিয়েছে বিএনপি: মির্জা ফখরুল - দিগন্ত জার্নাল

নতুন সরকার প্রধান হিসেবে ড. ইউনূসকে বেছে নিয়েছে বিএনপি: মির্জা ফখরুল

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, (২৮ এপ্রিল ২০২৫) গত ১৫ বছর বিএনপি কথা বলার সুযোগ পায়নি, মিটিং-মিছিল করতে পারেনি এবং নেতাকর্মীদের মিথ্যা মামলায় জেলে পুরে নির্যাতন চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, এখন সেই অধিকার ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন করছে।

সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি হাইস্কুল মাঠে বিএনপির গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল জানান, ছাত্র-জনতা মিলে বিএনপি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, যার প্রধান হিসেবে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বেছে নেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে দলটি বিশ্বাস করে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের ইতিহাস ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। “ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে এখনই সুযোগ কাজে লাগাতে হবে,” উল্লেখ করে তিনি জনতার কাছে প্রশ্ন রাখেন- গত ১৫ বছরে আপনারা ভোট দিতে পেরেছেন? উত্তরে উপস্থিত জনতা ‘না’ সূচক উত্তর দেন।

নারীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের আমলে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তা ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিবর্তন জরুরি।

সরকারের দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যার ফলে দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে। ব্যাংকে টাকা রেখেও এখন মানুষ নিরাপদ নয়। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ও তাঁর দলের নেতারা নিজেদেরও নিরাপদ মনে করছেন না।

বিএনপির মহাসচিব প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। নতুন সরকার গঠন করে ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে শান্তিপূর্ণ দেশ গড়ব।” ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

আওয়ামী লীগের বিরুদ্ধে আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রদের ওপর নির্যাতনের অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্রদের হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি।

পরে বিকেলে জগন্নাথপুর ইউনিয়নের শেখবাজারে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, এখন এমপি নেই, সমস্যায় সাধারণ মানুষ কোথায় যাবে? জরুরি ভিত্তিতে নির্বাচন ও রাজনৈতিক সংস্কার প্রয়োজন। তিনি বলেন, সরকার যদি সত্যিকারের নির্বাচনের ইচ্ছা রাখে, তাহলে একটি স্পষ্ট রোডম্যাপ দিতে হবে।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত হলে কৃষক, শ্রমিক ও তরুণদের অধিকার নিশ্চিত করা হবে এবং কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হামিদ, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন, নার্গুনের সাবেক ইউপি চেয়ারম্যান পয়গাম আলীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনি এলাকায় তিন দিনের সাংগঠনিক সফর শুরু করেছেন। মঙ্গলবার জামালপুর ও চিলারং ইউনিয়নে এবং বুধবার দেবীপুর ও বড়গাঁও ইউনিয়নে গণসংযোগ শেষে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

an adbox will go here