কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ছত্রছায়ায় মাথাচাড়া দিল ২০টি কিশোর গ্যাং - দিগন্ত জার্নাল

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ছত্রছায়ায় মাথাচাড়া দিল ২০টি কিশোর গ্যাং

দিগন্ত জার্নাল ডেস্ক:

মঙ্গলবার , (২৯ এপ্রিল ২০২৫) কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ইন্ধনে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ২০টি কিশোর গ্যাং। নগরীতে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে নেপথ্যে থেকে সংগঠনটি এমন ষড়যন্ত্র করছে। সব ধরনের শেল্টার পেয়ে দিনে-দুপুরে অস্ত্র হাতে মহড়া, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তি সামর্থ্য জানান দিচ্ছে গ্যাংগুলো।

কিশোর গ্যাং দমনে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার মাঝেও তাদের সক্রিয় হয়ে ওঠা নিয়ে নগরীতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা রুখে দিতে মাঠে নেমেছে মহানগর ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অপরদিকে, এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের ২০ সদস্য গ্রেফতার হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লা নগরীর প্রধান সমস্যা এখন মাদক ও কিশোর গ্যাং। নিয়মিত অভিযান চালালেও এ দুটি সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। পূর্বে যৌথবাহিনীর তৎপরতায় কিছুটা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি তারা হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে।

গত শুক্রবার ১০-১২টি কিশোর গ্যাং একত্র হয়ে নগরীর রানীর দিঘীরপাড়, আদালতপাড়া, ফৌজদারি, মোগলটুলী, তালপুকুরপাড়, ঝাউতলাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রের মহড়া দিয়েছে। তারা মিছিলও করেছে, ফলে নগরবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সূত্র জানিয়েছে, নগরীতে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা ২০টি কিশোর গ্যাংকে ব্যবহার করছে। অজ্ঞাত স্থানে বসে তারা অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে গ্যাংগুলোকে।

বর্তমানে কুমিল্লা নগরীতে রতন, ঈগল, র্যাক্স, এক্স, এলআরএন, সিবিক, মডার্ন, রকস্টার, ডিস্কো বয়েজ, বস ফ্লাইং মোড, বার্থ ফর ফ্লাইং, ম্যাক্স, হ্যালো স্টার, হর্স বয়, টাইগারসহ মোট ২০টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে।

এতে নগরবাসী, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গত আট বছরে কিশোর গ্যাংয়ের হাতে অন্তত ১২টি আলোচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে গ্যাংগুলোর জড়িত থাকার প্রমাণ মিলেছে।

নগরীর তালপুকুরপাড় এলাকার বাসিন্দা সালেহ আহমেদ বলেন, “আমার মেয়ে মডার্ন স্কুলে পড়ে। শুক্রবার আমাদের বাসার সামনেই কিশোর গ্যাং অস্ত্রের মহড়া দিয়েছে। এখন মেয়েকে স্কুলে পাঠানো এবং তার নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় আছি। আমার মতো আরও অনেক অভিভাবক একই আতঙ্কে রয়েছেন।”

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা অজ্ঞাত স্থানে বসে অর্থ ও অস্ত্র সরবরাহ করে ২০টি কিশোর গ্যাংকে সক্রিয় করেছে। নানা সূত্র থেকে আমরা এসব তথ্য পেয়েছি। নগরীতে অরাজকতা সৃষ্টির লক্ষ্যেই তারা এই অপতৎপরতা চালাচ্ছে।” তিনি জানান, ছাত্রদল কিশোর গ্যাং ও নিষিদ্ধ ছাত্রলীগ দমনে মাঠে সক্রিয় রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগ কিশোর গ্যাংকে ব্যবহার করে নগরীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নিতে চায় তারা। আমরা ছাত্রলীগের এসব অপতৎপরতা কঠোর হস্তে রুখে দেব।”

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “শুক্রবার নগরীতে যেসব কিশোর গ্যাং অস্ত্রের মহড়া ও মিছিল করেছে, তাদের ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে ২০ জন গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কিশোর গ্যাংয়ের মাথাচাড়া দিয়ে ওঠার পেছনে নিষিদ্ধ ছাত্রলীগের ইন্ধন থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

an adbox will go here