সীমিত পরিসরে প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন: সিইসি নাসির উদ্দিন - দিগন্ত জার্নাল

সীমিত পরিসরে প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন: সিইসি নাসির উদ্দিন

দিগন্ত জার্নাল ডেস্ক:

মঙ্গলবার, (২৯ এপ্রিল ২০২৫) সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা এবং ভোটারদের শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় নিয়ে প্রবাসীদের জন্য উপযুক্ত ভোটদান পদ্ধতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিয়ে সেমিনারে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “পৃথিবীর অনেক দেশে আউট অব কান্ট্রি ভোটিং চালু রয়েছে। তবে অনেক দেশ নানা সমস্যার কারণে এটি চালু রাখতে পারেনি। ভারতও এখনো এটি চালু করতে পারেনি। আমরা অন্তত সীমিত পরিসরে হলেও এটি শুরু করতে চাই।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা। দেশের আর্থসামাজিক বাস্তবতা ও শিক্ষার মান বিবেচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়। কম খরচে, মানুষের আস্থা বজায় রেখে, একটি কার্যকর পদ্ধতি চালু করাই আমাদের লক্ষ্য।”

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে ভোটার উপস্থিতির হার কমে যায়। আমরা একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন চাই, যেখানে প্রবাসীরাও যুক্ত হতে পারবেন।”

এদিকে, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আগামী ১৫ মে’র মধ্যে সকল রাজনৈতিক দলকে প্রবাসী ভোটারদের ভোটাধিকার বিষয়ে মতামত জানাতে আহ্বান জানিয়েছেন। সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

an adbox will go here