ফিরলেন সাদমান, ফিরল শতরানের হাসি - দিগন্ত জার্নাল

ফিরলেন সাদমান, ফিরল শতরানের হাসি

দিগন্ত জার্নাল ডেস্ক:
সেঞ্চুরির সুবাসটা সাদমান ইসলাম পাচ্ছিলেন প্রথম সেশন থেকেই। দ্বিতীয় সেশনে সে সুবাসে কোনো তালগোল পাকাননি। মাথা ঠাণ্ডা রেখে, পরিকল্পিত ব্যাটিংয়ে দিন শুরু করেছেন যেভাবে, সেভাবেই এগিয়েছেন। আর তাতেই ২৬ ইনিংস পর অবশেষে পেলেন কাঙ্ক্ষিত শতরান। আগের টেস্টে তিনি করেছিলেন মাত্র ১২ ও ৪ রান, ফলে বাদ পড়ার শঙ্কা ঘিরে ধরেছিল তাকে। তবে দলে সুযোগ পেয়ে সাদমান সেই আস্থা ফিরিয়ে দিয়েছেন দুর্দান্ত ব্যাটিংয়ে।

ইনিংসের শুরু থেকেই ২২ গজে যেন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। বাংলাদেশের ইনিংসকে একাই আঁকড়ে রেখেছিলেন শুরু থেকেই। যদিও জিম্বাবুয়ের বোলিংয়ে তেমন আগুন ছিল না, কিন্তু সেখানেই টেম্পারামেন্টের পরীক্ষা। কারণ, অনেক সময় সহজ বলেও ব্যাটাররা ধৈর্য্য হারিয়ে ফেলেন। কিন্তু সাদমান তা হতে দেননি। বাজে বলকে ছেড়ে দেননি একটুও—সপাটে পাঠিয়েছেন বাউন্ডারির বাইরে। আবার ভালো বলকে দিয়েছেন উপযুক্ত সম্মান। সেশনের শুরুতেই হারিয়েছেন তার ওপেনিং পার্টনার এনামুল হক বিজয়কে, তবুও নিজেকে স্থির রেখেছেন। তার সেই ধৈর্যের ফল—ক্যারিয়ারের দ্বিতীয় শতরান। প্রথম সেঞ্চুরিও এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষেই, আবারও সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই ফিরল তার ব্যাটিং জীবনের আরেক উজ্জ্বল মুহূর্ত। এই ইনিংস বাংলাদেশের ইনিংসের ভিত্তি গড়ে দিয়েছে। ধীরে ধীরে দলকে এগিয়ে নিচ্ছেন চালকের আসনের দিকে। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৮ ওভারে ২০৯ রান, ৩ উইকেট হারিয়ে। লিড নিতে এখনও প্রয়োজন ৭১ রান।

an adbox will go here