২০ জন জনবল নিয়ে কার্যক্রম শুরু করছে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর - দিগন্ত জার্নাল

২০ জন জনবল নিয়ে কার্যক্রম শুরু করছে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার, (৩০ এপ্রিল ২০২৫) মাত্র ২০ জন জনবল নিয়ে চাহিদার এক-তৃতীয়াংশ অবকাঠামোতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’। অস্থায়ীভাবে অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে রাজধানীর শাহবাগে অবস্থিত ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ কার্যালয় থেকে। শিগগিরই জনবল নিয়োগ ও স্থায়ী ভবন নির্ধারণের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, যার অধীনেই নতুন এই অধিদপ্তরের পুরো কার্যক্রম চলবে।

সোমবার ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ গঠনের গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়। সংশ্লিষ্ট একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোয় শহিদ ও আহত ছাত্র-জনতার তালিকা সংরক্ষণ, ডেটাবেজ রক্ষণাবেক্ষণ, কল্যাণমূলক উদ্যোগ, গেজেট প্রকাশ, গণকবর সংরক্ষণ, গবেষণা, ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ এবং ‘৫ আগস্ট’ জাতীয় দিবস হিসেবে উদ্যাপনের কাজ অন্তর্ভুক্ত থাকবে।

প্রস্তাবিত অর্গানোগ্রামে ৬৩টি পদ এবং একটি অনুবিভাগসহ ৮টি যানবাহনের প্রস্তাব দেওয়া হলেও বেশিরভাগ বাদ দিয়ে আপাতত ২০ জন জনবল এবং ২টি গাড়ি বরাদ্দ দিয়ে অধিদপ্তর গঠন চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চূড়ান্ত প্রজ্ঞাপনে অধিদপ্তরের প্রধান হবেন অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন মহাপরিচালক। এর অধীনে থাকবেন উপসচিব মানের পরিচালক, সিনিয়র সহকারী সচিব মানের উপপরিচালক, সহকারী সচিব মানের দুইজন সহকারী পরিচালক, একজন সহকারী প্রোগ্রামার, একজন সহকারী হিসাবরক্ষক, দুইজন কম্পিউটার অপারেটর, দুইজন উচ্চমান সহকারী, তিনজন অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, চারজন অফিস সহায়ক এবং দুইজন গাড়িচালক।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক যুগান্তরকে বলেন, “প্রত্যাশিত জনবল কমানো হয়েছে, তবে শুরুটা হোক। প্রয়োজনে ভবিষ্যতে পরিধি বাড়ানো হবে।”

মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী জানান, “বর্তমানে ২০ জন জনবল নিয়ে কার্যক্রম শুরু হলেও শিগগিরই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে।”

উল্লেখ্য, গত বছর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাওয়ার পর ১৮ ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয় সভায় অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত হয়। এরপর দীর্ঘ পর্যালোচনার মধ্য দিয়ে কাটছাঁট করে এ মাসেই অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

an adbox will go here