টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড: আপিল বিভাগের রায় - দিগন্ত জার্নাল

টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড: আপিল বিভাগের রায়

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার, (৩০ এপ্রিল ২০২৫) সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী রায় দিয়েছেন আপিল বিভাগ। টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও এখন উচ্চতর গ্রেডের সুযোগ পাবেন। বুধবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। এর ফলে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারী এ সুবিধার আওতায় আসবেন।

রিটকারীদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল জানান, ২০১৭ সালের একটি অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রকে কেন্দ্র করে এ রিট দায়ের করা হয়। ওই পরিপত্রে বলা হয়েছিল, কেউ যদি একাধিক টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পান, তবে তিনি নতুন পে-স্কেলে উচ্চতর গ্রেড পাবেন না। পরবর্তীতে হাইকোর্ট এই পরিপত্রকে অবৈধ ঘোষণা করে। সরকারের আপিলের পর বুধবার আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখে।

মূল পে-স্কেল অনুযায়ী, পদোন্নতিবঞ্চিত কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতর গ্রেড পাওয়ার বিধান আছে—একটি ১১তম বছরে, অন্যটি ১৭তম বছরে। কিন্তু অর্থ মন্ত্রণালয় একটি পরিপত্রে তা সীমিত করার চেষ্টা করে, যা এ রায়ের মাধ্যমে বাতিল হয়ে গেল। ফলে পূর্বের মতো যারা দুই বা ততোধিক টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পেয়েছেন, তারাও এখন উচ্চতর গ্রেডের পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন।

এই রায় সরকারি চাকরিজীবীদের আর্থিক ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

an adbox will go here