বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ - দিগন্ত জার্নাল

বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |

বুধবার, (৩০ এপ্রিল ২০২৫) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা। এতে করে সকাল থেকে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট দেখা দিয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর খাঁ-পাড়া এলাকার ওই কারখানায় বুধবার সকালে প্রায় দেড় হাজার শ্রমিক কাজে যোগ দেন। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মার্চ মাসের বকেয়া ২০ দিনের বেতন দাবি করলে কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো সুনির্দিষ্ট সময় জানাতে না পারায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা স্লোগান দিতে দিতে কারখানা থেকে বেরিয়ে এসে মহাসড়ক অবরোধ করেন।

বিক্ষোভরত শ্রমিকরা বলেন, “২০ দিনের বেতন এখনো পাইনি। মালিকপক্ষ নিয়মিতভাবে আমাদের বেতন দিতে ব্যর্থ হচ্ছে। আগেও একই কারণে আমরা কয়েকদিন ধরে সড়কে নেমেছিলাম, এবার আবার বাধ্য হয়েছি আন্দোলনে নামতে।”

কারখানা কর্তৃপক্ষের মন্তব্য নিতে মালিক বাহা উদ্দিন চৌধুরী বাকেরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন জানান, “বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলছি এবং তাদের সড়ক ছেড়ে পাশে অবস্থান করতে অনুরোধ করেছি।”

এ ঘটনায় আশপাশের এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

an adbox will go here