মে মাসে দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুতি নিচ্ছে বিএনপি - দিগন্ত জার্নাল

মে মাসে দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুতি নিচ্ছে বিএনপি

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার, (৩০, এপ্রিল ২০২৫) শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে দেশে ফিরতে পারেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং প্রয়াত কোকোর স্ত্রী সৈয়দা শার্মিলা রহমান। বিষয়টি নিশ্চিত করে বিএনপি সূত্র জানিয়েছে, দেশে ফেরার জন্য ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মঙ্গলবার সাংবাদিকদের জানান, খালেদা জিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য বিএনপির পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেখানে কাতার থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের অনুরোধ জানানো হয়। এর প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

জানা গেছে, বর্তমানে খালেদা জিয়া লন্ডনে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা প্রতিদিন সেখানে ‘হোম ভিজিট’-এর মাধ্যমে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি করেছে, যদিও তিনি এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “ম্যাডাম শতভাগ প্রস্তুত দেশে ফেরার জন্য। এখন চিকিৎসকদের চূড়ান্ত ছাড়পত্র পেলেই আমরা রওনা করব।”

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি কাতারের আমিরের ব্যবস্থাপনায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসাধীন অবস্থায় ১৭ দিন পর তাকে তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়। দীর্ঘ সময় পর এবার লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করেছেন তিনি। বর্তমানে তিনি লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

an adbox will go here