নির্বাচনে দেরি হলে জটিলতা বাড়বে, দ্রুত ভোটের আহ্বান ফখরুলের
দিগন্ত জার্নাল ডেস্ক:
বুধবার, (৩০ এপ্রিল ২০২৫)অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে রাজনৈতিক সংকট ক্রমশ বাড়ছে, আর দেরি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংযোগ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “সংস্কার করুন, দয়া করে তাড়াতাড়ি নির্বাচন দিন। দেশের জনগণ তাদের মতের সরকার নির্বাচিত করুক।” তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, দেরিতে নির্বাচন হলে শেখ হাসিনা ফিরে আসতে পারেন, তবে জোর দিয়ে বলেন—”শেখ হাসিনা আর দেশে আসতে পারবে না, এলে জনগণ তাঁর হাতে হ্যান্ডকাফ পরাবে।”
ফখরুল বলেন, “আপনাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেনি। তাই দয়া করে দেরি না করে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।” তিনি অভিযোগ করেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে শিশু, কিশোর, ছাত্র, সাধারণ মানুষ, এমনকি আলেমদের হত্যা ও ফাঁসিতে ঝোলানোর ঘটনা ঘটেছে। মা-বোনদের সম্ভ্রমহানির অভিযোগও রয়েছে। তাঁর দাবি, এসব অন্যায়ের বিচার একদিন হবেই।
আওয়ামী লীগ সরকারের নির্বাচন ব্যবস্থাকে ‘একতরফা’ আখ্যা দিয়ে তিনি বলেন, “১৫ বছর ধরে জনগণ সঠিকভাবে ভোট দিতে পারেনি। আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি হয়ে যেত। এবার এমন নির্বাচন চাই, যেখানে আমি আমার ভোট নিজ হাতে দিতে পারব।”
ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শেখ হাসিনাকে ফেরত দিন। এখানে তার বিচার হতে হবে।”
গণসংযোগের অংশ হিসেবে বুধবার বড়গা ইউনিয়নের লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় হিন্দু সম্প্রদায়ের নারী ও শিশুরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। উলুধ্বনি দিয়ে তাঁকে মঙ্গলকামনা জানানো হয়। এ সময় স্থানীয় মন্দিরের পুরোহিত মুরালি দেবনাথ তাঁকে “বটবৃক্ষ” আখ্যা দিয়ে বলেন, “গাছের গোড়া পচে গেলে সেটা গাছ থাকে না। আপনি আমাদের ছায়া দিন, এবার আমরা আপনাকে ভোট দেব।”
বক্তব্য শেষে ফখরুল বলেন, “আমরা কখনো বিভাজনের রাজনীতি করিনি। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখি। আমি এখনো মনে করি, আমি আপনাদের একজন।”
পরে তিনি ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগরের একটি গির্জায় গিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন এবং একটি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সন্ধ্যা ছয়টায় তিনি তিন দিনের গণসংযোগ শেষ করে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হন। গণসংযোগে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।