শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়: প্রধান উপদেষ্টা - দিগন্ত জার্নাল

শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার, (১ মে ২০২৫) “শ্রমিকদের জীবনমান আগের মতো থাকলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়”—বৃহস্পতিবার মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন অত্যন্ত জরুরি। ছাত্র-শ্রমিক-জনগণের অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে। তবে সেই নতুন বাংলাদেশ বাস্তবে রূপ নেবে না, যদি শ্রমিকদের অবস্থা আগের মতোই থেকে যায়।”

এবারের মে দিবস উদযাপনের প্রতিপাদ্য ছিল, “শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে।” এই প্রতিপাদ্যকে সময়োপযোগী ও অর্থবহ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “গণঅভ্যুত্থানের সময় যেভাবে শ্রমিকরা ছাত্র ও জনতার পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক তেমনভাবেই আজ দেশের উন্নয়ন আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও বলেন, “শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক। পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে আমরা একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। মে দিবস শ্রমিক-মালিকের সুসম্পর্ক জোরদার করতে একটি তাৎপর্যপূর্ণ উপলক্ষ।”

তিনি শ্রমিকদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেন, “দেশকে নতুনভাবে গড়তে হলে শ্রমিক-মালিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ তৈরি করতে হবে। শ্রমিকদের সম্ভাবনা বিকাশের মাধ্যমে জাতি গঠনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “প্রথমেই করণীয় নির্ধারণ করে দ্রুত বাস্তবায়নের পথে অগ্রসর হতে হবে। পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ বাস্তবায়ন করতে হবে।” তিনি জানান, “বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) কনভেনশনের স্বাক্ষরকারী দেশ হিসেবে একটি জাতীয় রোডম্যাপ বাস্তবায়নে কাজ করছে, যা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে।”

অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ জন শ্রমিক পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা অনুষ্ঠানস্থলে প্রচার করা হয়।

an adbox will go here