আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে: প্রধান উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেখানে ছিল ভু’য়া সংসদ, ভু’য়া এমপি ও ভু’য়া স্পিকার।”
তিনি আরও বলেন, দেশের জনগণ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে। “তাদের কণ্ঠ জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছিল,” মন্তব্য করেন তিনি।
ব্রিটিশ এমপি রূপা হক আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। এ সময় তিনি বলেন, “নতুন বাংলাদেশ দেখে আমি সত্যিই উৎসাহিত হয়েছি।”
প্রধান উপদেষ্টা জানান, পরবর্তী সাধারণ নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সীমা রয়েছে—২০২৫ সালের ডিসেম্বর বা ২০২৬ সালের মাঝামাঝি। তবে জনগণ কতটুকু সংস্কার চায়, তার ওপর নির্ভর করছে নির্বাচনের তারিখ।
তিনি আরও বলেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থানের কারণ এবং ক্ষমতাচ্যুত সরকারের সময়ে জনগণের ওপর যে নি’পী’ড়ন চালানো হয়েছিল, তা স্পষ্টভাবে জনগণ উপলব্ধি করেছে।”
সাক্ষাৎ শেষে রূপা হক আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আবার আসার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।