মে দিবসে রাজধানীতে বিএনপির শ্রমিক সমাবেশ, ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৃহস্পতিবার, (১ মে ২০২৫) মহান মে দিবস উপলক্ষে রাজধানী নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। বৃহস্পতিবার (১ মে) দুপুর আড়াইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা সকাল থেকেই জমায়েত হতে শুরু করেন। সমাবেশস্থলে দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করে কর্মীদের উৎসাহিত করা হচ্ছে।
সমাবেশটি দুপুর ২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত থাকবেন।
সমাবেশে প্রথম পর্যায়ে সংগীত পরিবেশন করছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা। পরিবেশিত গানগুলোর মূল উপজীব্য হচ্ছে দেশপ্রেম, শ্রমজীবী মানুষের অধিকার এবং গণতান্ত্রিক চেতনা।
আয়োজকরা জানান, জুলাই আন্দোলনের পরবর্তীতে এই শ্রমিক সমাবেশ শ্রমজীবী মানুষের মধ্যে অধিকারের প্রশ্নে গণজোয়ার সৃষ্টি করবে বলে তাদের প্রত্যাশা। বিএনপির পক্ষ থেকে শ্রমজীবী শ্রেণির অধিকার প্রতিষ্ঠা এবং বর্তমান সরকারের ‘শ্রমিক-বিরোধী’ নীতির প্রতিবাদে এই সমাবেশকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নয়াপল্টন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দলের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক বাহিনী মাঠে কাজ করছে বলে জানা গেছে।