হজ কার্যক্রম শুরু, ১৪ হাজারের বেশি যাত্রীর ভিসা এখনো অনিশ্চিত
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, (৩ মে ২০২৫) চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছাতে শুরু করলেও বাংলাদেশ থেকে এখনো ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা কার্যক্রম শেষ হয়নি। ফলে এসব যাত্রী চরম অনিশ্চয়তায় রয়েছেন বলে জানা গেছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস সূত্রে জানা যায়, এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালন করবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়, আর বেসরকারিভাবে যাবেন ৮১ হাজার ৯০০ জন।
এ পর্যন্ত সৌদি আরবে গেছেন ১৫ হাজার ১৫৪ জন হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ৬ হাজার ২০২ জন, সৌদি এয়ারলাইন্সে ৪ হাজার ৮৫৮ জন এবং ফ্লাই নাসে গেছেন ৪ হাজার ৯৪ জন। তিনটি এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরবে পৌঁছান।
২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে, যা চলবে ৩১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজ পালিত হবে ৫ জুন—এমন সম্ভাবনা রয়েছে, তবে তা চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে এ বছর হাজিদের জন্য ‘লাব্বাইক’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যাতে হজ সম্পর্কিত বিভিন্ন তথ্য, যোগাযোগ ও সেবা যুক্ত রয়েছে। হাজিদের দেওয়া হচ্ছে হজ প্রিপেইড কার্ড এবং আন্তর্জাতিক রোমিং সুবিধাসম্পন্ন সিম কার্ডও।
এদিকে ধর্ম মন্ত্রণালয় থেকে সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, অনুমতি বা হজ পারমিট ছাড়া কেউ যেন হজ পালনের চেষ্টা না করেন। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সুষ্ঠু ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখার স্বার্থে ভিজিট ভিসায় গিয়ে হজ পালনের চেষ্টা না করার আহ্বান জানানো হয়েছে।
একইসঙ্গে হজ বিধিমালা ভঙ্গকারী ভিজিট ভিসাধারীদের পৃষ্ঠপোষকতা, পরিবহণ, আবাসন কিংবা সংরক্ষিত হজ এলাকায় প্রবেশে সহায়তা না করারও অনুরোধ জানানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হজ পারমিট ছাড়া হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা এবং সহায়তা করলেও এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে। প্রয়োজনে সহায়তাকারীর যানবাহন বাজেয়াপ্ত এবং বিদেশিদের ক্ষেত্রে বহিষ্কারের পাশাপাশি ১০ বছর সৌদি প্রবেশ নিষিদ্ধের ব্যবস্থাও নেওয়া হবে।
এদিকে হজযাত্রীদের মধ্যে একজন মারা গেছেন। তার নাম খলিলুর রহমান, বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়।