হেফাজতের পাঁচ দফা দাবিতে জন-উত্তালন সোহরাওয়ার্দী উদ্যান, স্লোগানে মুখরিত রাজপথ - দিগন্ত জার্নাল

হেফাজতের পাঁচ দফা দাবিতে জন-উত্তালন সোহরাওয়ার্দী উদ্যান, স্লোগানে মুখরিত রাজপথ

নিজস্ব প্রতিবেদক:

শনিবার, (৩ মে ২০২৫) পাঁচ দফা দাবির ভিত্তিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার, সকাল ৯টা থেকে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে হেফাজতের হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এতে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের সড়কে যান চলাচলে ধীরগতি দেখা যায়।

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড ও পতাকা। মিছিল থেকে তারা বিতর্কিত নারী সংস্কার কমিশন প্রত্যাখ্যান করেন এবং তা বাতিলের জোর দাবি জানান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।

হেফাজতের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, মহাসমাবেশের মুখ্য দাবি পাঁচটি। এর মধ্যে প্রধান হচ্ছে—হেফাজত নেতাদের নামে থাকা সকল মামলা অনতিবিলম্বে প্রত্যাহার এবং জেল হাজতে থাকা সকল নেতাকর্মীদের বিনাশর্তে মুক্তি প্রাদান। এছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ঢাকা সফরকালে সংগঠিত হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের জুলাই বিপ্লবের সময় সংঘটিত ‘হত্যাকাণ্ডগুলোর’ বিচার, নারী সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় “আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস” পুনর্বহালের দাবি এবং ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বানও রয়েছে।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হেফাজতের কেন্দ্রীয় সদস্য মাহমুদ বিন হোসাইন বলেন, “হেফাজতের কর্মীরা কুরআনবিরোধী কর্মকাণ্ড রুখে দিতে প্রস্তুত। আজকের মহাসমাবেশ তারই প্রতিফলন। নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল না হলে দেশের মুসলমানদের প্রতিক্রিয়া হবে ভয়াবহ।”

মহাসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশস্থলের আশপাশে পোশাকধারী ও সাদা পোশাকে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সমাবেশকে ঘিরে সর্বোচ্চ সতর্ক রয়েছে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

হেফাজতের নেতারা আশা প্রকাশ করেছেন, দেশের ধর্মপ্রাণ মানুষের চিন্তা-চেতনা ও দাবিগুলো সরকারের দৃষ্টিগোচর করতে এই মহাসমাবেশ একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে।

an adbox will go here