অনির্বাচিত সরকার দীর্ঘস্থায়ী হলে দেশে সমস্যা তৈরি হয়: এনপিপি চেয়ারম্যান
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, (৩ মে ২০২৫) অনির্বাচিত সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে দেশে নানা সমস্যা দেখা দেয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোট (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনপিপির সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উদ্দেশে তিনি বলেন, “আমরা ওনার কাছে এটাই আশা করি, আপনি এমন একটি নির্বাচনের আয়োজন করবেন যেখানে মানুষ অন্তত বলতে পারবে— দীর্ঘ ১৫ বছর পর আমরা এমন একটি ভোট দেখেছি, যেখানে আমার ভোট আমিই দিতে পেরেছি। কেউ আমাকে জোর করতে পারেনি, টাকা দিয়ে কিনতে পারেনি। আমি আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করে সরকার গঠন করতে পেরেছি।” তিনি আরও বলেন, “এটাও ঠিক, একটি অনির্বাচিত সরকার যদি দীর্ঘ সময় থাকে, তা নানা ধরনের সমস্যা সৃষ্টি করে।”
সংলাপের শুরুতে ফরহাদ বলেন, “আমরা আপনাদের ডাকে সাড়া দিয়েছি। আমাদের লক্ষ্য, যেন দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারে এবং জনগণের ভোটের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সরকার গঠন করতে পারে।”
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা প্রসঙ্গে ফরহাদ জানান, কমিশনের দেওয়া ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে এনপিপি ১১২টি প্রস্তাবে একমত, ২৬টিতে একমত নয় এবং ২৮টিতে আংশিক একমত পোষণ করেছে।
সংলাপে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা একটি নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করতে চাই। বিভিন্ন রাজনৈতিক দল ও জোট তাদের মতামত দিচ্ছেন। আশা করি, জাতীয় স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে প্রত্যেকটি পক্ষ কিছুটা ছাড় দিতে প্রস্তুত থাকবে।”
সংলাপটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফররাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান। এনপিপির পক্ষ থেকে চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল এই সংলাপে অংশ নেয়।