নারী কমিশন বাতিলসহ চার দফায় জোরালো অবস্থান, হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
শনিবার, (৩ মে ২০২৫) নারী সংস্কার কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর আস্থা পুনঃস্থাপন ও ২০১৩-২০২৪ সময়কালে সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা সোয়া একটার দিকে শেষ হয় এই সমাবেশ।
সমাবেশ থেকে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী ২৩ মে বাদ জুমা চার দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।
ঘোষিত চার দফা দাবির মধ্যে সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় ৩০০টি মামলার প্রত্যাহার। দাবি করা হয়, এসব মামলা ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার পর থেকে শুরু হয়ে ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফর ঘিরে সংঘর্ষ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনার সময় পর্যন্ত ধারাবাহিকভাবে দায়ের করা হয়েছে। এছাড়াও ২০১৩ ও ২০২১ সালের ঘটনার সঙ্গে ২০২৪ সালের ঘটনায় নিহতদের বিচার দাবিও তুলেছে সংগঠনটি।
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনকে বিতর্কিত আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবি জানানো হয়। একইসঙ্গে সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের আহ্বান জানায় হেফাজত। ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধে সরকারের কার্যকর ভূমিকা চায় তারা।
সমাবেশে হেফাজতের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী মোনাজাত পরিচালনার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে মহাসচিব সাজিদুর রহমান বলেন, “এসব দাবি আদায়ে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, প্রয়োজনে জে’হা’দ করব।”
সমাবেশে অংশ নিয়ে ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় নেতা সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, “অসংখ্য আলেম-ওলামাকে জ’ঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে। বাবর সাহেব মুক্তি পেলে আলেমরা কেন পাবে না?” তিনি নারী কমিশনকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আখ্যা দিয়ে বলেন, “এই কমিশন বাতিল না হলে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”
হেফাজতের কেন্দ্রীয় সদস্য মাহমুদ বিন হোসাইন বলেন, “আমরা কুরআনবিরোধী যেকোনো কার্যক্রম রুখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। আজকের সমাবেশ সেটির প্রমাণ।”
সমাবেশকে ঘিরে শনিবার ভোর থেকেই রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় হেফাজতের নেতাকর্মীদের জমায়েতে যান চলাচলে সীমাবদ্ধতা দেখা দেয়। বিভিন্ন জেলা থেকে মিছিলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন এবং ‘ইসলাম ও ন্যায়বিচারের’ পক্ষে সোচ্চার হতে জনগণের প্রতি আহ্বান জানান।