হামজাকে দেখে অনুপ্রাণিত, বাংলাদেশ দলে আসছেন সামিত সোম
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এখন প্রবাসী ফুটবলারদের জোয়ার চলছে। জামাল ভূঁইয়া ও তারিক কাজীদের পথ ধরে এবার কানাডা প্রবাসী সামিত সোমও বাংলাদেশের জার্সি গায়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। সামিত জানান, প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি তাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। তার ভাষায়, “হামজা এত বড় খেলোয়াড় হয়ে যদি খেলতে পারে, আমিও পারব।” এছাড়া জামাল, তারিক, কাজেম শাহ, সায়েদদের সঙ্গে পূর্ব পরিচয় থাকায় বাংলাদেশ দলে খেলার আগ্রহ আরও বেড়েছে বলেও জানান তিনি।
আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে খেলতে চান সামিত। কানাডা ফুটবল ফেডারেশন ইতিমধ্যে তাকে অনাপত্তিপত্র দিয়েছে। এখন শুধু পাসপোর্ট হাতে পেলেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার কাছে আবেদন করবে। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে সামিতের খবরে উচ্ছ্বসিত বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। নিজেও এই ভালোবাসা পেয়ে দারুণ খুশি সামিত।