"পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: কৃষি বিপণন মহাপরিচালক" - দিগন্ত জার্নাল

“পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: কৃষি বিপণন মহাপরিচালক”

দিগন্ত জার্নাল ডেস্ক:
কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মাসুদ করিম বলেছেন, পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। তবে, সংরক্ষণের অভাবে এখনও পেঁয়াজ আমদানি করতে হয়। তিনি আরও জানান, পেঁয়াজ সংরক্ষণের সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই সুবিধা সম্প্রসারণ করতে পারলে, বাংলাদেশ পেঁয়াজ আমদানির প্রয়োজনীয়তা দূর করতে পারবে এবং পেঁয়াজ রপ্তানি করতে সক্ষম হবে। শুধু পেঁয়াজ নয়, অন্যান্য কৃষি পণ্যের সংরক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের প্রকল্পের আওতায় কৃষি পণ্য সংরক্ষণ ঘর নির্মাণ করা হচ্ছে, যা সচেতনতা বৃদ্ধি করবে।

শনিবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক হোটেল অডিটোরিয়ামে কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় কৃষি বিপণন আইন ও নীতি বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ করিম বলেন, “কৃষি বিপণন অধিদপ্তর কৃষকের স্বার্থ রক্ষায় কাজ করছে, আর ভোক্তার অধিকার সংরক্ষণ বিষয়টি দেখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।” তিনি আরও বলেন, “কৃষি বিপণন অধিদপ্তর কৃষকের উৎপাদিত পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে এবং কৃষি পণ্য বাজার ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করছে।”

তিনি জানান, কৃষি বিপণন ব্যবস্থার উন্নয়নসহ অন্যান্য প্রকল্পে কাজ করতে হলে বিনিয়োগ প্রয়োজন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এবং সরকার কৃষি পণ্য বিপণন ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।

ইউএসএআইডির ফিড দি ফিউচার বাংলাদেশ পলিসি প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপ-পরিচালক শাহনাজ বেগম।

কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা জাহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন যশোরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা ও লিংক পলিসির সিনিয়র ম্যানেজার আশিক বিল্লাহ। কর্মশালায় কৃষিপণ্য উৎপাদক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

an adbox will go here