অনলাইন রিটার্ন দাখিলে নতুন রেকর্ড, এনবিআরের করদাতাদের আগ্রহ বেড়েছে - দিগন্ত জার্নাল

অনলাইন রিটার্ন দাখিলে নতুন রেকর্ড, এনবিআরের করদাতাদের আগ্রহ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক:

বুধবার , (৭ মে ২০২৫) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করদাতাবান্ধব পদক্ষেপ ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল সেবার ফলে আয়কর রিটার্ন অনলাইনে দাখিলে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত ১৬ লাখেরও বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন, যা দেশের কর সংস্কৃতিতে এক নতুন মাইলফলক।

এনবিআরের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২০ লাখেরও বেশি করদাতা ই-রিটার্ন সেবার জন্য নিবন্ধন করেছেন। করদাতাদের মতামত ও প্রয়োজন বিবেচনায় এনবিআর অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়াকে সহজ ও ব্যবহারবান্ধব করেছে। ফলে দিন দিন করদাতাদের আগ্রহ বাড়ছে। আয়কর দিবস শেষে সেবাটি চালু থাকায় করদাতারা এখন সারা বছরই নিরবচ্ছিন্নভাবে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

এনবিআর আরও জানায়, কেউ যদি ভুল করে বা কোনো অসঙ্গতি থাকে, তাহলে আয়কর আইন, ২০২৩-এর ১৮০(১) ধারা অনুযায়ী মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। এই সংশোধিত রিটার্নও অনলাইনেই দাখিল করা সম্ভব। ইতোমধ্যে ৭ হাজার ২২৫ জন করদাতা এই সুবিধা গ্রহণ করেছেন।

জাতীয় রাজস্ব বোর্ড এ অর্জনের জন্য অনলাইন রিটার্ন দাখিলে আগ্রহী সম্মানিত করদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি ভবিষ্যতেও সবাইকে এই ডিজিটাল সেবা ব্যবহারে উদ্বুদ্ধ করেছে।

an adbox will go here