আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে জুলাই বিপ্লবীদের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, (৯ মে ২০২৫) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শেরেবাংলা নগরে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ১০টা থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে শুরু হয় এ কর্মসূচি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ আরও কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে দেওয়া এক বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু আমাদের আবারও সেই দাবিতে রাজপথে নামতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই” – এই স্লোগান আজ জনগণের কণ্ঠে উচ্চারিত হচ্ছে।
এ সময় ‘ব্যান আওয়ামী লীগ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ঢাকা-ঢাকা, দিল্লি নয়’সহ বিভিন্ন স্লোগানে যমুনা এলাকার বাতাস সরব হয়ে ওঠে।
এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আপ বাংলাদেশ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হন।
সারারাত জুড়ে এই এলাকায় জনসমাগম ছিল লক্ষ্য করার মতো, ফলে যমুনার সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয়।