আ'লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতাকে রাজপথে থাকার আহ্বান ছাত্রশিবিরের - দিগন্ত জার্নাল

আ’লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতাকে রাজপথে থাকার আহ্বান ছাত্রশিবিরের

দিগন্ত জার্নাল ডেস্ক:

শুক্রবার, (৯ মে ২০২৫)গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ‘জুলাই বিপ্লব’-এর কর্মীরা আন্দোলন শুরু করেছেন। বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাজধানীর যমুনার সামনে অবস্থান নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের এ আন্দোলনে সংহতি প্রকাশ করে মাঠে নামার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম।

রাত দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে আবু সাদিক কায়েম বলেন, “এ দেশের ছাত্রজনতার বুকে গুলি করে, গণহত্যা চালিয়ে জনতার হাতে বিতাড়িত হওয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগ নিষিদ্ধের রায় হয়ে গেছে। কিন্তু জুলাই বিপ্লবের নয় মাস পেরিয়ে গেলেও সেই গণহত্যাকারী দলকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি—এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

তিনি আরও বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইসলামী ছাত্রশিবিরও রাজপথে থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশের সর্বস্তরের ছাত্রজনতাকে আহ্বান জানাচ্ছি—আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমে আসুন। ঢাকার সহযোদ্ধারা শরিক হোন যমুনার গণমিছিলে।”

এর আগে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যমুনার সামনে অবস্থানের ঘোষণা দেন। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ দলের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত হন।

পরে একে একে সেখানে সংহতি জানিয়ে হাজির হন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আপ বাংলাদেশ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং জুলাই আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা সংগঠনের নেতাকর্মীরা। যমুনার সামনের রাস্তায় বিক্ষোভ এখনো চলমান রয়েছে।

an adbox will go here