আ.লীগ নিষিদ্ধের দাবিতে ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ শুরু, জনতার ঢল
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার, (৯ মে ২০২৫) রাজধানী ঢাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে শুরু হয়েছে বিক্ষোভ সমাবেশ। শুক্রবার (৯ মে) জুমার নামাজের পরপরই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে মানুষের ঢল নেমেছে, রাজধানীর রাজপথে উত্তাল পরিবেশ বিরাজ করছে।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজ বাসভবন থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমাবেশের ঘোষণা দেন। এরপরই বিক্ষোভকারীরা ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা, রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে সমাবেশে যোগ দেন।
সমাবেশস্থলে ‘আওয়ামী লীগ নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’, ‘নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। বিক্ষোভকারীদের মতে, আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল, যারা দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে ধ্বংস করে চলেছে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের মানুষ দুঃশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।
এনসিপি ছাড়াও ইসলামী ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ, চরমোনাইসহ আরও কয়েকটি রাজনৈতিক ও ছাত্র সংগঠন এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেয়। বৃহস্পতিবার রাত থেকেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়, যা শুক্রবার দুপুরে রূপ নেয় ব্যাপক সমাবেশে। যমুনার পাশের মিন্টুরোডের পানির ফোয়ারার সামনে বিকেলে বড় জমায়েতের ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল সড়ক পর্যন্ত এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যান চলাচল বন্ধ রাখা হয়েছে ওই সড়কগুলোতে।
রাজধানীজুড়ে চলমান এই সমাবেশকে কেন্দ্র করে জনমনে বাড়ছে কৌতূহল ও উৎকণ্ঠা। অনেকেই আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। তবে সমাবেশ আয়োজকরা জানিয়েছেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক দাবি আদায়ের লক্ষ্যেই এই কর্মসূচি।