আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি নাহিদ ইসলামের
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার,( ৯ মে ২০২৫) আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করলে আবারও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।
শুক্রবার চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মাঝেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে—এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।”
তিনি আরও বলেন, “দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থি সকল শক্তি ঐক্যবদ্ধ হই।”
উল্লেখ্য, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মধ্য দিয়েই তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন ঘটে বলে দাবি করে আসছে এনসিপি।
গতকাল ৮ মে রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু করেন। শুক্রবার দুপুর পর্যন্ত তারা যমুনার প্রধান ফটকের সামনেই অবস্থান নেয়।
এদিকে বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি স্লোগানে মুখর হয়ে ওঠে। আন্দোলনকারীরা জানান, এই অবস্থান কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।