ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডে উত্তপ্ত ঢাবি— প্রতিক্রিয়া জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ - দিগন্ত জার্নাল

ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডে উত্তপ্ত ঢাবি— প্রতিক্রিয়া জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার, (১৪ মে ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় পুরো ক্যাম্পাস জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এই মর্মান্তিক ঘটনার পর বুধবার দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পোস্টে আবেগঘন প্রতিক্রিয়া জানান।

তিনি সাম্যের হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে লেখেন, “২০১৯ সাল থেকে ক্যাম্পাসে যেকোনো যৌক্তিক আন্দোলনে যে চেহারাগুলো নিয়মিত দেখা যেত, সাম্য তাদের একজন। প্রথম বর্ষ থেকেই সে প্রতিবাদী ও ভদ্র একজন শিক্ষার্থী ছিল। আজ সে নেই—এটা মেনে নেওয়া কষ্টকর।”

তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনায় শুধু হত্যাকারীরা নয়, বরং উদ্যানঘেঁষা মাদক ও অপরাধচক্র এবং উদ্যানের নিরাপত্তাহীন পরিবেশকেও দায়ী করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, “সোহরাওয়ার্দী উদ্যান হবার কথা ছিল স্বস্তির জায়গা। অথচ আজ তা মাদক, অপরাধ ও ভয়ঙ্কর চক্রের কারণে আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।”

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, গণপূর্ত বিভাগ, ডিএমপি ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছেন জানিয়ে বলেন, “শিগগিরই উদ্যানকে একটি নিরাপদ, শিক্ষার্থীবান্ধব এলাকায় রূপান্তরের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি লেখেন, “আমি নিজে দায়িত্ব নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ একটি জায়গা হিসেবে গড়ে তুলব। শিক্ষার্থীদের সহায়তা ও প্রশাসনের পরামর্শ আমাদের পথ দেখাবে।”

অবশেষে সাম্যর উদ্দেশ্যে তিনি লেখেন, “আমরা দুঃখিত সাম্য, তোমাকে নিরাপত্তা দিতে পারিনি। তবে আর কারো যেন এমন পরিণতি না হয়, তা নিশ্চিত করাই এখন আমাদের দায়িত্ব।”

উল্লেখ্য, নিহত শাহরিয়ার আলম সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

an adbox will go here