ঢাকার বাতাস আবারও দূষিত, একিউআই স্কোর ১৬৩ - দিগন্ত জার্নাল

ঢাকার বাতাস আবারও দূষিত, একিউআই স্কোর ১৬৩

ফারজানা রুবি | দিগন্ত জার্নাল প্রতিবেদক:

বৃহস্পতিবার, (১৫ মে ২০২৫) বিশ্বজুড়ে বাড়ছে বায়ুদূষণ, আর সেই তালিকায় অনেক দিন ধরেই রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে কিছুটা উন্নতি হলেও আবারও বাড়ছে শহরটির বায়ুদূষণ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্যানুযায়ী, ঢাকার একিউআই স্কোর দাঁড়িয়েছে ১৬৩। এটি ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের আওতায় পড়ে এবং বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।

সকাল ৮টা ৩৫ মিনিটে পাওয়া তথ্যে দেখা যায়, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। একই সময়ে প্রথম অবস্থানে ছিল ইরাকের বাগদাদ, যার স্কোর ছিল ১০৯২। এরপর ভারতের দিল্লি ৫৭১, পাকিস্তানের লাহোর ১৭৩, সেনেগালের ডাকার ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে।

বায়ু মান সূচক অনুযায়ী, ০-৫০ ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ পর্যন্ত সকলের জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১-৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ৩০১-৪০০ হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

পরিবেশবিদদের মতে, এ ধরনের দূষণের ফলে শ্বাসকষ্ট, অ্যালার্জি, হৃদরোগসহ নানা জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বাড়ির বাইরে চলাফেরা কমিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

an adbox will go here