তথ্য উপদেষ্টাকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ, চিহ্নিত শিক্ষার্থী অর্থনীতি বিভাগের
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৃহস্পতিবার , (১৫ মে ২০২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের মধ্যেই ঘটেছে উত্তপ্ত এক ঘটনা। বুধবার রাত ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারা হয়। পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে কথা বলার সময় এ ঘটনাটি ঘটে এবং ছোঁড়া বোতল উপদেষ্টার মাথায় আঘাত করে।
প্রথমে বোতল নিক্ষেপকারীর পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও, পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়। জানা গেছে, ওই যুবকের নাম ইশতিয়াক হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী গ্রুপ ও ফেসবুক পেজে ইশতিয়াকের পরিচয় প্রকাশ করা হয়। ‘জবিয়ান্স’ নামের একটি পেজে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, “বোতল নিক্ষেপকারীর নাম ইশতিয়াক হোসাইন, ডিপার্টমেন্ট অর্থনীতি, ব্যাচ ১৯।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. তাজাম্মুল বিষয়টি নিশ্চিত করে বলেন, “হ্যাঁ, ওই শিক্ষার্থী আমাদের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের। তবে আমাদের এখন প্রধান কাজ হলো বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিদাওয়া আদায়ে মনোনিবেশ করা। আন্দোলনের এই সময়ে এসব বিষয় মাথা ঘামানোর সময় নয়। দাবি আদায় হলে তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত এখনও জানানো হয়নি, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক মহল বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।