পরবর্তী নির্বাচন ২০২৫ ডিসেম্বর অথবা ২০২৬: ড. ইউনূস
দিগন্ত জার্নাল ডেস্ক:
পরবর্তী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি: ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, পরবর্তী সাধারণ নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সীমা রয়েছে। একটি ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি। তবে জনগণ কতটুকু সংস্কার চায় তার ওপর নির্ভর করছে নির্বাচনের তারিখ।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচনের প্রসঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ড. ইউনূস বলেন, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, যেখানে ছিল ভুয়া সংসদ, ভুয়া এমপি ও ভুয়া স্পিকার।
তিনি আরও বলেন, দেশের জনগণ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে, যা আগে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছিল।
ব্রিটিশ এমপি রূপা হক আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। তিনি বলেন, “নতুন বাংলাদেশ দেখে আমি সত্যিই উৎসাহিত হয়েছি।”
রূপা হক আরও বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জনগণের ওপর নিপীড়ন নিয়ে আলোচনা করেন।
তিনি পরে বাংলাদেশে আবার এসে আগামী নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।