গোলের বৃষ্টিতে জমজমাট লড়াই, মেসি গোলশূন্য—ড্র করল ইন্টার মায়ামি
দিগন্ত জার্নাল ডেস্ক:
ম্যাচজুড়ে গোলের বন্যা হলেও ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করতে পারলেন না লিওনেল মেসি। এমএলএসের রুদ্ধশ্বাস এক ম্যাচে সান জোসে আর্থকোয়াকসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচে মায়ামির পক্ষে জোড়া গোল করেন তাদিও আলেন্দে, আর একটি করেন ম্যাক্সিমিয়ানো ফ্যালকন। প্রথম মিনিটেই আক্রমণ শানায় মায়ামি। জর্ডি আলবার পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন ফ্যালকন। কিন্তু সেই লিড বেশিক্ষণ টেকেনি। মাত্র দুই মিনিট পরই সান জোসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান আরাঙ্গো গোল করে সমতা ফেরান।
এরপর একাধিকবার সুযোগ পেলেও গোলের দেখা পাননি লিওনেল মেসি। ১৮ মিনিটে ডান পায়ে নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৪০ মিনিটে সান জোসের গোলরক্ষক দানিয়েল ঠেকিয়ে দেন মেসির আরেকটি প্রচেষ্টা। অতিরিক্ত সময়ে সরাসরি ফ্রি কিক থেকেও ব্যর্থ হন আর্জেন্টাইন মহাতারকা। ৩৭ মিনিটে বিউ লিউরক্সের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সান জোসে। তবে ৪৪ মিনিটে তাদিও আলেন্দে গোল করে মায়ামিকে সমতায় ফেরান। প্রথমার্ধের অতিরিক্ত সময়েই ইয়ান হার্কস আবারও এগিয়ে দেন স্বাগতিক দলকে।
দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় রদ্রিগেজ মাঠে নামার পরই খেলায় গতি ফেরে মায়ামির। ৫২ মিনিটে তার পাস থেকে আলেন্দে নিজের দ্বিতীয় গোল করে ৩-৩ সমতা ফেরান। এরপর দুই দল একাধিক আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। ম্যাচের শেষ মুহূর্তে মেসির সামনে ছিল জয়সূচক গোলের সুযোগ, কিন্তু গোলরক্ষক দানিয়েল দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন।
পয়েন্ট তালিকা অনুযায়ী:
- ইন্টার মায়ামি ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে।
- শীর্ষে রয়েছে সিনসিনাটি (২৮ পয়েন্ট), দ্বিতীয় ও তৃতীয় স্থানে ফিলাডেলফিয়া ও কলম্বাস (২৬ পয়েন্ট)।